মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে খেজুরগাছ পরিচর্যার সময় গাছ থেকে পা ছিটকে পুকুরে পড়ে এক শিবির নেতা নিহত হয়েছে। তার নাম সাইফুল্লাহ মুনাওয়ার (১৬)। সে উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুফতি মাওলানা নুরুচ্ছালামের ছেলে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর এলাকায় এই ঘটনা ঘটে।

সে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সভাপতি ও সুফিয়া নুরীয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র।

সাইফুল্লাহ মুনাওয়ারের বাবা নুরুচ্ছালাম বলেন, ‘আমার বড় ছেলে সাইফুল্লাহ মুনাওয়ার আজ সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে খেজুর গাছ পরিচর্যা করার জন্য গাছের ওপরে ওঠে। দুপুর প্রায় ১টার সময় আমি বাইরে কাজ শেষে বাড়িতে এসে দাওয়াতে যাওয়ার জন্য মুনাওয়ারকে খোঁজ করলে এক পর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাই। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনের সহায়তায় পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃব্যরত চিকিৎসক নাজরিন সুলতানা মিতু বলেন, ‘আজ দুপুরে এক কিশোরের মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়। তার বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে উঁচু জায়গা থেকে পুকুর পাড়ে পড়ার কারণে আঘাত পেয়ে মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।’

জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Share.