খেলা ডেস্ক
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে সরাসরি চুক্তিতে ব্যাটার সাইফ হাসানকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। গত মৌসুমে তিনি রংপুর রাইডার্সের জার্সিতে খেলেছিলেন, যেখানে ১৩ ম্যাচে ১১৯.০৬ স্ট্রাইকরেটে করেছিলেন ৩০৬ রান।
সময়টা এখন ভিন্ন। টেস্ট দিয়ে জাতীয় দলে অভিষেক হলেও এ বছর টি-টোয়েন্টিতেই আলোচনায় এসেছেন সাইফ। দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ১২ ইনিংসে তিনি করেছেন ৩৪৪ রান, স্ট্রাইকরেট ১৩১.৮০।
এই ৩৪৪ রানের মধ্যে ১৬২ রানই এসেছে ছক্কা থেকে— মোট ২৭টি ছক্কার মার রয়েছে তার ব্যাটে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই বছর তিনি দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ছক্কা মেরেছেন, তাও বাকিদের চেয়ে অনেক কম ইনিংস খেলে। সর্বোচ্চ ৩৮টি ছক্কা মেরেছেন তানজিদ তামিম (২৪ ইনিংস), আর পারভেজ ইমন ২০ ইনিংসে মেরেছেন ২৯টি ছক্কা।
ঢাকা ক্যাপিটালসের একটি সূত্র জানিয়েছে, সরাসরি চুক্তিতেই সাইফকে দলে নিয়েছে তারা। গতকাল একই নিয়মে তারা তাসকিন আহমেদকেও দলে নিয়েছিল। বিপিএল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী প্রতিটি দল সরাসরি তিনজন খেলোয়াড় নিতে পারবে, ফলে ঢাকার সামনে এখনো একজনকে সাইন করার সুযোগ রয়েছে।
এবারের বিপিএল, অর্থাৎ ১২তম আসর বসবে আগামী ১৯ ডিসেম্বর, শেষ হবে ১৬ জানুয়ারি। এবারের আসরে অংশ নেবে মোট ৫টি দল। কয়েকটি দলের নামও পরিবর্তন করেছে বিসিবি— গতবার “চট্টগ্রাম কিংস” এবার খেলবে “চট্টগ্রাম রয়্যালস” নামে, আর রাজশাহী ও সিলেটের নাম হয়েছে যথাক্রমে “রাজশাহী ওয়াসিয়র্স” ও “সিলেট টাইটান্স”।
উল্লেখ্য, বিপিএলে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছিল মোট ১১টি প্রতিষ্ঠান। প্রাথমিক ও চূড়ান্ত যাচাই-বাছাই শেষে ৫টি প্রতিষ্ঠানকে আগামী ৫ বছরের জন্য দায়িত্ব দিয়েছে বিসিবি।
