নভেম্বর উইন্ডোর প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। তরুণ গোলরক্ষকদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে অভিজ্ঞ এমিলিয়ানো মার্টিনেজকে দলে রাখা হয়নি। এ ছাড়া বাদ পড়েছেন কয়েকজন পরিচিত মুখও। তবে দলের প্রাণভোমরা লিওনেল মেসি আছেন স্কোয়াডে।

আগামী ১৪ নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে স্পেনে প্রশিক্ষণ ক্যাম্প করবে স্কালোনির দল। এবারের স্কোয়াডে আর্জেন্টিনার স্থানীয় ক্লাবের খেলোয়াড়দের ডাকা হয়নি—ফেডারেশন সভাপতি ক্লদিও তাপিয়ার সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় ক্লাবগুলোকে ক্ষতির মুখে না ফেলার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়।

ফলে গত উইন্ডোতে খেলা স্কোয়াডের লিয়েন্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), গঞ্জালো মন্টিয়েল ও লাউতারো রিভেরো (রিভার প্লেট), এবং মার্কাস আকুনা বাদ পড়েছেন।

প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন তিন তরুণ খেলোয়াড়—জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি ও ম্যাক্সিমো পেরোনে। এছাড়া দলে ফিরেছেন ডিফেন্ডার ভ্যালেন্টিন বার্কো।

২৩ বছর বয়সী ফরোয়ার্ড পানিচেল্লি ফরাসি ক্লাব স্ট্রাসবার্গের হয়ে খেলছেন। লিগ ওয়ানে ১১ ম্যাচে ৯টি গোল করেছেন তিনি, উয়েফা কনফারেন্স লিগের অভিষেক ম্যাচেও গোল পেয়েছেন।
১৯ বছর বয়সী প্রেস্টিয়ান্নি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলে আলোচনায় আসেন। বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলছেন, ১৭ ম্যাচে করেছেন একটি গোল ও দুটি অ্যাসিস্ট।
২২ বছর বয়সী পেরোনে ইতালিয়ান ক্লাব কোমোর মিডফিল্ডার। ডিফেন্সিভ ও সৃজনশীল দুই ভূমিকায় খেলতে সক্ষম এই তরুণকে ভবিষ্যতের সম্পদ হিসেবে দেখছেন স্কালোনি।

ফরাসি ক্লাব স্ট্রাসবার্গের খেলোয়াড় ভ্যালেন্টিন বার্কোকেও ফেরানো হয়েছে দলে। চলতি মৌসুমে তিনি ১১ ম্যাচে এক গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন।

তরুণদের সুযোগ দিতে স্কালোনির এই দল ভবিষ্যৎ বিশ্বকাপের প্রস্তুতির অংশ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Share.