জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, দেশে নতুন একটি রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়া চলছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে এ তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী।
তিনি জানান, খুব শিগগিরই বিএনপি–জামায়াতের বাইরে একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে দেশবাসী। এই নতুন জোট জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে বলেও জানান তিনি। নাসিরুদ্দীন পাটোয়ারীর দাবি, ধর্মীয় ফ্যাসিবাদ, চাঁদাবাজবিরোধী এই জোট ৩০০ আসনেই প্রার্থী দেবে।
তিনি আরও বলেন, যারা সংস্কারের পক্ষে, নারীদের পক্ষে, আলেম-ওলামাদের পক্ষে এবং দুর্নীতি–সন্ত্রাস–চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেবে—তারাই এই জোটের অংশ হবে।
এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, জাতীয় পার্টিকে ব্যবহার করে ভারত ও আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে। তার দাবি, নির্বাচনকে বাধাগ্রস্ত ও দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারত এবং আওয়ামী লীগের আর্থিক ও রাজনৈতিক শক্তিগুলো জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচনকে ব্যাহত করতে এবং দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে আশঙ্কা রয়েছে।
