দাড়িপাল্লা এখন আর ব্যবহৃত হয় না কারণ এতে সহজেই প্রতারণা করা যায়—এ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন আম জনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। তিনি বলেন, দাড়িপাল্লার বিরুদ্ধে কথা বলায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তার ওপর ক্ষেপে গেছেন, যেন তিনি তাদের “বিজয় ছিনিয়ে নিয়েছেন”।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “মাংসের দোকানে কেউ যদি দাড়িপাল্লায় মাংস মাপে, সেখান থেকে মাংস কিনবেন না। সবজির দোকানেও একই কথা। কারণ সুতার প্যাঁচ বা পাল্লা একটু বাঁকা করে ধরলেই প্রতারণা করা যায়। এই কারণেই দাড়িপাল্লা বাতিল হয়ে গেছে—এটা সবাই জানে।”
তিনি আরও বলেন, জামায়াতকে ঘিরে কিছু নেতাকর্মীর বক্তব্য তাকে বিস্মিত করেছে। “একজন বলছে—আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসবে। আরেকদল সেটাকে সমর্থনও করছে। যেন তারা আল্লাহর সিদ্ধান্ত আগেই জেনে গেছে।”
তারেক অভিযোগ করেন, জামায়াত-ঘেঁষা এক হুজুরের বক্তব্যে তিনি আরও উদ্বিগ্ন হয়েছেন। সেই বক্তৃতায় দাবি করা হয়—পুলিশ ও প্রশাসন তাদের কথায় চলবে, তাদের নির্দেশে মামলা দিতে হবে, মামলা নিতে হবে।
এ বিষয়ে তারেক রহমান মন্তব্য করেন, “এটা অবিশ্বাস্য ঔদ্ধত্যপূর্ণ আচরণ। এমন দাবি দেশের মানুষ কখনো গ্রহণ করেনি।”
