বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করতে চায় না। আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কোনো মামলা থেকেও থাকে, দল ক্ষমতায় গেলে সেসব মামলা প্রত্যাহার করা হবে।
তিনি বলেন, “আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের লোক মামলা করেছে বলে আমরা মামলা করতে চাই না। যদি মামলা হয়েও থাকে, আমি কথা দিচ্ছি—সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা সমস্ত মামলা তুলে নেব।”
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
দেশের রাজনীতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, “আমরা আর প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতি করবো না। আমরা ভালোবাসা, সৌহার্দ্য ও সমৃদ্ধি নিয়ে চলতে চাই।”
তিনি বলেন, দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। বিএনপি সেই লক্ষ্যেই কাজ করছে—একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য।
