আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর দাবিতে আমরণ অনশনে বসেছেন মো. রিয়াজুল ইসলাম (৩৬)। তিনি তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জেলা আহ্বায়ক।
গতকাল সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে তিনি পাংশা পৌর শহরের পুরাতন বাজার দর্গাতলা এলাকায় হজরত শাহ্জুই (রহ.) মাজার শরীফের সামনে অনশন শুরু করেন।
ঘটনাস্থলে দেখা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড ও ধানের শীষ প্রতীকের পতাকা পাশে রেখে রিয়াজুল ইসলাম এককভাবে অনশন চালিয়ে যাচ্ছেন। তিনি পাটির ওপর বসে আছেন, পাশে একটি কাথা রাখা রয়েছে।
মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিয়াজুল ইসলাম। তিনি বলেন,
“গত ৩ নভেম্বর সারাদেশে ২৩৭টি আসনে প্রার্থীদের মনোনয়ন দিয়েছে বিএনপি। এখনো ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা হয়নি, এর মধ্যে রাজবাড়ী-২ আসনও রয়েছে। আমরা কোনো জোট প্রার্থী চাই না, আমরা ধানের শীষের প্রার্থী চাই। বিতর্কিত কাউকে এই আসনে মনোনয়ন দেওয়া হোক, তা চাই না।”
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন। রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে মনোনয়ন পেয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, তবে রাজবাড়ী-২ আসনে প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি।
উল্লেখ্য, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ২০০১ সালে রাজবাড়ী-১ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সালের নির্বাচনে পরাজয়ের পর ফলাফল প্রত্যাখ্যান করেন এবং ২০১৪ সালের নির্বাচনে বিএনপির বর্জনের সিদ্ধান্তে অংশ নেননি। ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়ে ভোট কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেন তিনি। খৈয়াম তিনবার রাজবাড়ী পৌরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রিয়াজুল ইসলামের এই একক অনশন স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, তার এ কর্মসূচি দলীয় প্রার্থী নির্বাচনে তৃণমূলের চাপের প্রতিফলন।
