বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন, “খালেদা জিয়া আমার মা, জিয়াউর রহমান আমার বাবার মতো। আমাদের নেতা তারেক রহমান আমার ভাই। ৪৩ বছরে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের নাম যতবার নিয়েছি, ততবার যদি আল্লাহর নাম নিতাম, তাহলে হয়তো বেহেশতের কাছাকাছি চলে যেতাম।”

রোববার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মনোনয়ন বঞ্চিত এই বিএনপি নেতা দলীয় প্রার্থী বাছাই নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “যদি নারী কোটাতেই মনোনয়ন দিয়ে থাকেন, তাহলে রাজপথে যারা ছিলেন তাদেরকেই দেওয়া যেত। যারা দুধের সর খায়, যারা রাজপথে ছিল না, নারীদের ক্ষেত্রে তাদেরই বেশিরভাগকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমার জানা মতে, ম্যাডামসহ চারজন ছাড়া বাকিরা জিয়াউর রহমানের নাম ঠিকমতো নেয় কিনা তাও জানি না।”

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে সমালোচনা করে টিপু বলেন, “দল যাকে লালপুর-বাগাতিপাড়ায় মনোনয়ন দিয়েছে, তিনি এই এলাকার মানুষ নন—তিনি মাদারীপুরের বাসিন্দা। আমরা এতটাই হতভাগা যে লালপুর-বাগাতিপাড়ার কোনো মানুষ মনোনয়ন পায়নি। আমরা দলের হাইকমান্ডকে অনুরোধ করব, তৃণমূলের মতামত পুনর্মূল্যায়ন করুন।”

তিনি আরও বলেন, “লালপুর-বাগাতিপাড়ায় বিএনপির রাজনীতিতে যার বয়স দুই বছরও না, তাকেই মনোনীত করা হয়েছে। মনোনয়ন পাওয়ার পর আমাদের ছাত্রদল কর্মী জিল্লুরকে রক্তাক্ত করা হয়েছে, অসংখ্য নেতাকর্মীকে ধমক দেওয়া হচ্ছে। মনে হচ্ছে, বিএনপির এই নেতাকর্মীদের ভোট তাদের দরকার নেই।”

সমাবেশে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়ন। উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শামীম সরকার, সাবেক পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, ইউনিয়ন বিএনপি নেতা হানিফুর রহমানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুলকে দলীয় প্রার্থী করা হয়েছে। তার মনোনয়নের পর থেকেই বঞ্চিত প্রার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করেন।

Share.