নির্বাচন কমিশনের (ইসি) দল নিবন্ধনের তালিকায় ‘আমজনতার দল’-এর নাম না থাকায় আমরণ অনশন শুরু করেছিলেন দলটির সদস্যসচিব মো. তারেক রহমান। অনশনরত অবস্থায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়।
ঘটনাস্থলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। তিনি জানান, “আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র। তার সঙ্গে যারা ছিলেন, তাদের অনেকে শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারেকও বহু নির্যাতনের শিকার।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিতে পারে—এজন্য তারা দল নিবন্ধনের আবেদন করেছিল। কিন্তু দীর্ঘ বিবেচনার পরও নিবন্ধন দেওয়া হয়নি। আজ আমি ইসিতে গিয়ে তার আবেদন পুনর্বিবেচনার অনুরোধ করেছি। আশা করি, তার দল ন্যায়বিচার পাবে।”
তিনি জানান, অসুস্থ অবস্থায়ও তারেক রহমানকে অনশন ভাঙতে অনুরোধ করা হলে তিনি তা মেনে নিয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।
