বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে রোববার উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশে বিএনপিতে যোগদান করার পর প্রথম রাজনৈতিক বক্তৃতা দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

বিকেল ৪টায় শিবগঞ্জ উপজেলার মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ছাত্র-জনতা সমাবেশে তিনি অংশ নেন। সমাবেশস্থলে পৌঁছালে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল এবং কয়েকশো মোটরসাইকেল বহরের সঙ্গে তাকে বরণ করে নেন। সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মীর শাহে আলম।

বিএনপিতে যোগদানের পর প্রথম বক্তৃতায় মীর স্নিগ্ধ বলেন, “পুণ্যভূমি শিবগঞ্জের মহাস্থান থেকে প্রথম রাজনৈতিক বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। খুনি হাসিনা আমার ভাইসহ ২ হাজার ভাই-বোনকে হত্যা করেছে এবং ২০ হাজার জনকে আহত করেছে। ছোটোবেলা থেকেই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ দেখে উজ্জীবিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা খুনি হাসিনার ব্ল্যাংক চেকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি এবং এ দেশের মানুষকে তার জুলমের বিচার করতেই হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশজুড়ে জুলাই যোদ্ধাসহ সকল তরুণ-যুবকদের একত্রিত করে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত করবেন।”

সভাপতির বক্তব্যে মীর শাহে আলম বলেন, “বিএনপি জুলাইয়ের সবচেয়ে বড় শক্তি, এবং শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধের যোগদানের মাধ্যমে এটি আবার প্রমাণিত হলো।”

শহীদ মীর মুগ্ধ জুলাই যোদ্ধাদের পানি খাওয়ানোর সময় পুলিশের গুলিতে নিহত হন। মৃত্যুর আগে তার ‘পানি লাগবে পানি’ ডাক কোটি কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছিল।

বগুড়ায় মীর স্নিগ্ধের এ প্রোগ্রামের বিস্তারিত বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে।

Share.