আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় কমিটি ও প্রচার ও প্রকাশনা সেলের সদস্য এহসানুল মাহবুব জোবায়ের।

রোববার (৯ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। এর আগে এনসিপি ঘোষণা দিয়েছিল যে, খালেদা জিয়ার আসনে তারা কোনো প্রার্থী দেবে না। তবে পরবর্তীতে এ আসনে জোবায়েরকে মনোনয়নপত্র দিয়েছে দলটি।

মনোনয়ন নেওয়ার বিষয়ে জোবায়ের বলেন, “আগামী ১৩ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন বিক্রির কার্যক্রম চলবে। আমি ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।”

খালেদা জিয়ার আসন থেকে মনোনয়ন নেওয়ার বিষয়ে তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। সেখান থেকে বগুড়া-৭ আসনটি এনসিপির জন্য ছেড়ে দেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।”

জোবায়ের বলেন, “ফেনীতেও নতুন নেতৃত্ব প্রয়োজন। তরুণদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ গড়ে উঠছে। আমি ফেনীর সন্তান, এখানকার মানুষের জন্য কাজ করতে চাই। আশা করি দল আমাকে মনোনয়ন দেবে।”

তিনি আরও জানান, আগামী ১৫ নভেম্বর (শনিবার) এনসিপি প্রথম ধাপে ১০০-১৫০ জন প্রার্থীর নাম ঘোষণা করবে। এরপর নভেম্বরেই আরও দুই ধাপে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এহসানুল মাহবুব জোবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন এবং বর্তমানে বায়িং হাউজ ব্যবসায় নিয়োজিত।

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর থেকে এনসিপি মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে, যা চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

Share.