নির্বাচন করতে গিয়ে নিজের অর্থ খরচ করে পোস্টার ছাপানো এবং সেটিতে ‘প্রচারে এলাকাবাসী’ লেখা—এই বিষয়টি ভাবতেই ‘শরম’ পান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। শনিবার রাত সোয়া নয়টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক হাস্যরসাত্মক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি।
পোস্টে অনুসারীদের বানানো একটি নির্বাচনী পোস্টার যুক্ত করেন ডা. মিতু। ওই পোস্টারে লেখা ছিল, ‘ঝালকাঠি-১ আসনে এনসিপির হয়ে শাপলার কলিতে লড়বেন ডা. মাহমুদা আলম মিতু।’
ক্যাপশনে তিনি লিখেছেন, “একটা জিনিস ভাবলেই শরম লাগে। ইলেকশন করতে হলে নিজের পয়সায় পোষ্টার বানিয়ে, নিজেই প্রচার করে সেটা আবার ‘প্রচারে এলাকাবাসী’ লিখে প্রচার করতে হয়। কী একটা অবস্থা! শুরুটাই হয় এলাকাবাসীর মাথায় কাঁঠাল ভেঙে।”
পোস্টের সঙ্গে শেয়ার করা ফটোকার্ডটির প্রশংসা করে তিনি আরও লেখেন, “এই ফটোকার্ড কে বানাইছেন? সে একটু কমেন্ট করেন। ইলেকশন ম্যাটার না, ফটোকার্ড সুন্দর হইছে তাই আপলোডের লোভ সামলাতে পারলাম না।”
ডা. মিতুর এই পোস্টে নেটিজেনদের অনেকে হাস্যরসাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ তাঁর রসবোধের প্রশংসা করেছেন, আবার কেউ মন্তব্য করেছেন—‘রাজনীতিতে এমন খোলামেলা কথা বলার মানুষ খুব কম।’
