জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও হেলিকপ্টারে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন দলটির মনোনয়নপ্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, শেষ পর্যন্ত তিনি ধানের শীষের সঙ্গেই থাকবেন এবং দল তাকে চূড়ান্ত মনোনয়ন দেবে বলে আশা প্রকাশ করেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে মেলান্দহ উপজেলার বেলতৈল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন শুভ। এ সময় হাজারো নেতাকর্মী ও সমর্থক তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
পরে সংক্ষিপ্ত বক্তব্যে সাদিকুর রহমান শুভ বলেন, “৩১ দফা দাবি নিয়ে মেলান্দহ-মাদারগঞ্জের সর্বত্র গণসংযোগ করেছি। বিভিন্ন স্থানে বাধা ও হামলার মুখেও আমরা পিছপা হইনি। শেষ পর্যন্ত ধানের শীষের পক্ষেই আমরা কাজ করব।”
তিনি আরও বলেন, “গোয়েন্দা সংস্থা ও সাংগঠনিক নেতাদের অনুরোধ করছি, জনগণ কাকে চান তা সঠিকভাবে জানিয়ে দিন। আমি বিশ্বাস করি, শেষ পর্যন্ত দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে।”
উল্লেখ্য, সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বর্তমানে মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ঢাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে।
