বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন না করলে সেই নির্বাচন অর্থহীন হয়ে পড়বে।

যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার লন্ডনে পৌঁছে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন কোনোভাবেই কার্যকর হবে না।’

তিনি আরও জানান, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই অব্যাহত থাকবে এবং জামায়াত এ লড়াইয়ে সবসময় জনগণের পাশে থাকবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সময়সীমা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানান তিনি।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাবলী প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা যেকোনো অপরাধের বিরোধী। অপরাধী যে-ই হোক না কেন—সে সেনাবাহিনীর সদস্য হোক বা অন্য কেউ—অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই দেখতে হবে।’

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, প্রতিনিধি ব্যারিস্টার নজরুল ইসলামসহ সংগঠনের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

এদিকে, শনিবার সকালে ডা. শফিকুর রহমানের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশগামী ফ্লাইটে রওনা হওয়ার কথা রয়েছে।

Share.