নিজস্ব প্রতিবেদক | ঢাকা | শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, “সরকার চাইলে জানুয়ারিতেই নির্বাচন আয়োজন করতে পারে। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। কিন্তু নিজেদের ফায়দা হাসিলের জন্য কেউ কেউ বলছে, নির্বাচনের আগে গণভোট হতে হবে।”
জেএসডির সঙ্গে গণঅধিকার পরিষদের আদর্শগত মিল রয়েছে উল্লেখ করে নুর বলেন, “তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমানকে চ্যালেঞ্জ জানিয়ে জাসদের জন্ম হয়েছিল। তারা তরুণ ও প্রবীণদের একত্র করতে পেরেছিল। কিন্তু রাষ্ট্রীয় দমন-পীড়নের মুখে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। একইভাবে গণঅধিকার পরিষদও আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের শিকার হয়েছে।”
বর্তমান রাজনীতিতে সাইবার যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে জানিয়ে নুর বলেন, “রাজনীতিতে কথার ও মেধার যুদ্ধের পাশাপাশি এখন বড় ক্ষেত্র হচ্ছে সাইবার যুদ্ধ। এখানে বিভিন্নভাবে ভুল ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে। আমাদের সম্পর্কে প্রচার করা হচ্ছে—আমরা নাকি সংস্কার চাই না। এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।”
তিনি সব রাজনৈতিক দলকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
