যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা গাজা পরিকল্পনায় অন্যতম শর্ত হামাসের অস্ত্রসমর্পণ। তবে হামাসের পলিটব্যুরো সদস্য মোহাম্মদ নাজাল জানিয়েছেন, এ বিষয়ে তিনি সরাসরি “হ্যাঁ” বা “না” বলতে পারবেন না। অস্ত্র কার কাছে হস্তান্তর করা হবে এবং প্রকল্পের ধরন কেমন হবে—তা আগে পরিষ্কার হতে হবে।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাজাল বলেন, যুদ্ধবিরতির প্রথম ধাপ চলছে এবং এই সময়ে গাজায় নিরাপত্তা নিশ্চিত করতে হামাস অন্তর্বর্তী সরকারের অংশ হতে চায়। তিনি জানান, অস্ত্রসমর্পণ ইস্যু যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে আলোচনায় আসতে পারে।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, বর্তমান চুক্তির আওতায় হামাসের অবশ্যই অস্ত্রসমর্পণ করতে হবে। হোয়াইট হাউস থেকেও বলা হয়েছে, হামাস প্রতিশ্রুতি দিয়েছে এবং তারা আশা করে গোষ্ঠীটি তা রক্ষা করবে।
গত ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ট্রাম্পের প্রস্তাবিত নতুন পরিকল্পনার অংশ। তবে হামাস আগে একাধিকবার অস্ত্রসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেছে।
