ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এখনো ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। মালাক্কা প্রণালীতে সৃষ্ট বিরল ঘূর্ণিঝড় গত সপ্তাহে দেশটির তিনটি প্রদেশে আঘাত হানে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দুর্যোগে ১৪ লাখেরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

নিখোঁজ শত শত, আহত কয়েক হাজার

বন্যা ও ধ্বংসস্তূপের মধ্যে এখনো ৫০০ জনের বেশি মানুষ নিখোঁজ, আহত হয়েছেন কয়েক হাজার। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনেক এলাকা এখনো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে।

এশিয়ার বিভিন্ন দেশে একই সঙ্গে দুর্যোগ

ইন্দোনেশিয়ার পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কায়ও প্রবল বর্ষণ ও ঝড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে।
ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা অঞ্চলে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি।

ত্রাণ পৌঁছাতে লড়াই

হাজার হাজার মানুষ এখনো বিচ্ছিন্ন এলাকায় আটকে আছেন এবং জরুরি সরবরাহ পাচ্ছেন না। রাস্তাঘাট কাদা ও আবর্জনায় বন্ধ হয়ে থাকায় ত্রাণকর্মীরা মোটরসাইকেল বা পায়ে হেঁটে সাহায্য পৌঁছানোর চেষ্টা করছেন।

আচেহর বাসিন্দা আমালিয়া বলেন,
“বন্যার পানি অনেকটা সুনামির মতো মনে হয়েছে। আমার দাদির মতে, এটি তার জীবনে দেখা সবচেয়ে ভয়াবহ।”

Share.