বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার এক্স–এ পোস্ট করা বার্তায় তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।
মোদি লিখেছেন, “বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা এবং শুভকামনা।” পাশাপাশি ভারত থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুতির কথা জানান তিনি।
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন তিনি। করোনাকালে নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পাওয়ার পর বারবার সাজা স্থগিত করা হলেও বিদেশে চিকিৎসার অনুমতি পাননি।
গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর তিনি পুরোপুরি মুক্তি পান। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন সেখানে অবস্থানের পর ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে বারবার হাসপাতালে নিতে হয়।
সবশেষ গত রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসায় সহায়তা করতে চীনের পাঁচ সদস্যের একটি প্রাথমিক মেডিকেল দল সোমবার বিকেলে এভারকেয়ারে পৌঁছেছে। ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানান, মূল বিশেষজ্ঞ দল মঙ্গলবার ঢাকায় আসবে।
