হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি আবাসিক ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৩০০ জন।
হংকংয়ের ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা প্রায় ২৪ ঘণ্টা ধরে কাজ করেছেন। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে আসলেও এরই মধ্যে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এতজনের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কমপ্লেক্সের সংস্কার কাজ করা এক নির্মাণ কোম্পানির তিন কর্মকর্তাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে হংকং পুলিশ।
ওয়াং ফুক কোর্ট আট ব্লকের প্রায় দুই হাজার আবাসিক ইউনিট নিয়ে গঠিত। ১৯৮৩ সালে নির্মিত এই আবাসিক ব্লকগুলোতে সম্প্রতি সংস্কার কাজ চলছিল, যার চারদিকে ছিল বাঁশ ও জালের ঘেরাটোপ। পুলিশ ধারণা করছে, অনিরাপদ নির্মাণ সামগ্রী ও অবহেলার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নিয়েছে। হংকংয়ের গত প্রায় ৮০ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।
বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে তাই পো জেলার এই কমপ্লেক্সে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে দমকলকর্মীরা চরম তাপ ও ঘন ধোঁয়ার মুখে পড়েন। তারা উপরতলার আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে অবিচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যান।
বাসিন্দাদের অভিযোগ, আগুন লাগার সময় কোনো সতর্ক সংকেত বাজেনি। স্থানীয় এক বাসিন্দা সুইন জানান, “আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল। একটি হোস পাইপ দিয়ে কয়েকটি ভবন বাঁচানোর চেষ্টা করা হচ্ছিল। আমার মনে হয়েছে এটা খুবই ধীর।” প্রতিবেশীদের অন্যদের সতর্ক করতে দরজায় দরজায় গিয়ে খবর দিতে হয়েছে বলেও জানান তিনি।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
সূত্র: রয়টার্স, আলজাজিরা।
