হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট নামে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৯৪ জনে। স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের বরাত দিয়ে বিবিসি জানায়, আগুন এখন প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে ৩৭ বছর বয়সী এক অগ্নিনির্বাপণ কর্মীও রয়েছেন। এ ঘটনায় আরও ৭৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন ফায়ার সার্ভিসের সদস্য।
কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলেও ধ্বংসস্তূপে এখনো নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন। ঘনবসতিপূর্ণ ওয়াং ফুক কোর্টের আটটি ব্লকে আছে প্রায় ২ হাজার ফ্ল্যাট, যেখানে ৪ হাজার ৬০০-এর বেশি মানুষ বসবাস করেন।
অগ্নিকাণ্ডের পর জরুরি ভিত্তিতে খোলা আটটি আশ্রয়কেন্দ্রে প্রায় ৯০০ বাসিন্দাকে রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোর বাইরে নিখোঁজ আপনজনের খোঁজে উদ্বেগে অপেক্ষা করছেন অনেকে।
এ ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি চিনপিং শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি।
