হংকংয়ের তাই পো এলাকায় অবস্থিত ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন। এছাড়া আরও অন্তত ১৫ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আগুন লাগার সময় বহু বাসিন্দা ভবনের ভেতরে আটকা পড়েছিলেন।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরের দিকে কমপ্লেক্সের আকাশজুড়ে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। আটটি ব্লক ও ১,৯০০–এর বেশি ফ্ল্যাট নিয়ে গঠিত ওয়াং ফুক কোর্টে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আটটির মধ্যে সাতটি ব্লকই ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ জানিয়েছে, আগুন লাগার পর বিভিন্ন সময় ভবনের ভেতরে আটকা পড়ার একাধিক খবর পাওয়া গেছে। একজন পুরুষ ও একজন নারী অচেতন এবং দগ্ধ অবস্থায় উদ্ধার হয়েছেন।
প্রথমে অগ্নিকাণ্ডটিকে ‘১ নম্বর অ্যালার্ম’ হিসেবে ঘোষণা করা হলেও বিকাল ৩টা ৩৪ মিনিটে তা বাড়িয়ে ‘৪ নম্বর’, আর সন্ধ্যা ৬টা ২২ মিনিটে সর্বোচ্চ ‘৫ নম্বর অ্যালার্ম’ পর্যায়ে উন্নীত করা হয়। হংকংয়ে অগ্নিকাণ্ডের মাত্রা ১ থেকে ৫ নম্বর স্কেলে মূল্যায়ন করা হয়, যেখানে ৫ সর্বোচ্চ ঝুঁকি নির্দেশ করে।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, বহু ফ্ল্যাটের বাইরে বাঁশের ভারা পুড়ে গেছে এবং সবুজ ভারা জালের জ্বলন্ত অংশ নিচে পড়ে আছে। দমকলকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
