আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার করা সর্বশেষ অনুরোধ পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও।

জয়সওয়াল জানান, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য নতুন একটি অনুরোধ এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই অনুরোধ পাঠানো হয়েছে।

২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তার আগের বছর জুলাইয়ে ছাত্র-জনতা নেতৃত্বাধীন আন্দোলনের মুখে বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন তিনি। তখন থেকে অজ্ঞাত স্থানে অবস্থান করছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বাংলাদেশ এর আগেও দুই দফায় তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে। তবে এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে দিল্লি।

Share.