লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলে ইরান-সমর্থিত হিজবুল্লাহর চিফ অব স্টাফ হাইথাম আলী তাবাতাবাইকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। রোববার (২৩ নভেম্বর) বিকেলে ঘটে যাওয়া এ হামলায় তাবাতাবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরে হিজবুল্লাহও তাদের শীর্ষ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বিকেলে বৈরুতের আবাসিক এলাকার ওপর তীব্র বিস্ফোরণে পুরো ব্লকটি কেঁপে ওঠে। মুহূর্তে ধসে পড়ে ভবন, বিধ্বস্ত হয় বহু যানবাহন। কয়েক সেকেন্ডেই ধ্বংসস্তূপে পরিণত হয় এলাকা।

ইসরাইল জানায়, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর সামরিক প্রধান হাইথাম আলী তাবাতাবাই। নেতানিয়াহু দাবি করেন, তাবাতাবাই হিজবুল্লাহর অস্ত্র সংগ্রহ, জনবল বৃদ্ধি ও সামরিক সক্ষমতা বাড়ানোর নেতৃত্ব দিচ্ছিলেন। হামলায় আরও কয়েকজন নিহত ও অনেকে আহত হয়েছেন।

হামলার পরপরই লেবানিজ সেনাবাহিনী, অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হামলার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের বিরুদ্ধে চাপ বাড়ানোর আহ্বান জানান।

হিজবুল্লাহ বলেছে, এ হামলার মধ্য দিয়ে ইসরাইল ‘গুরুতর সীমারেখা’ লঙ্ঘন করেছে। তাদের অভিযোগ, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইল অব্যাহতভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে, যা সীমান্তজুড়ে নতুন সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।

গত কয়েক মাসের মধ্যে দক্ষিণ বৈরুতে ইসরাইলের এটি প্রথম বড় হামলা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হিজবুল্লাহ-সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থাপনায় ইসরাইলি হামলা বাড়তে দেখা গেছে।

Share.