আন্তর্জাতিক ডেস্ক
মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তবে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে সেই অনুরোধের কোনো উল্লেখ নেই।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরপরই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ‘জুলাই হত্যাকাণ্ডের’ দায়ে অপরাধী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে “অবন্ধুসুলভ আচরণ ও ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা”।
এ অবস্থায় ভারত সরকারকে অনতিবিলম্বে দণ্ডিত দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়।
কিন্তু প্রত্যর্পণ প্রসঙ্গে দিল্লি কোনো সরাসরি মন্তব্য করেনি।
সোমবার সন্ধ্যায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যম এক্সে বিবৃতি প্রকাশ করেন। সেখানে বলা হয়—

“বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঘোষিত রায় সম্পর্কে ভারত অবগত হয়েছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে, ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ— যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা।”
ভারতের বিবৃতিতে বাংলাদেশি অনুরোধের বিষয়ে আর কিছু উল্লেখ করা হয়নি।
