বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাতে মুম্বাইয়ের নিজ বাড়িতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে তাঁকে দ্রুত জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত তাঁর শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে আছে, তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গোবিন্দর ম্যানেজার শশী সিনহা জানান, “রাত প্রায় ১০টার দিকে এই ঘটনা ঘটে। এরপরই তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। নিউরোলজিস্ট তাঁর অবস্থা পরীক্ষা করছেন। কতদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে, তা এখনো জানা যায়নি।”

অভিনেতার সহযোগী ও আইন উপদেষ্টা ললিত বিন্দাল বলেন, “ওনার মাথা ঘুরছিল, তারপর ভারী হয়ে যায়। নিরাপত্তার জন্যই তাঁকে ভর্তি করা হয়েছে। এখন অনেক ভালো আছেন এবং বিশ্রামে আছেন। চিন্তার কিছু নেই। নিউরোলজিস্টের পরামর্শেই চিকিৎসা চলছে। মেয়ে টিনা আহুজা এখন তাঁর সঙ্গে আছেন।”

গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা এখনো কোনো মন্তব্য করেননি। তবে ঘটনার একদিন আগে তিনি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছিলেন। এক ভিডিওতে সুনীতাকে বলতে শোনা যায়, “গোবিন্দ গতকাল ধর্মেন্দ্রজির সঙ্গে দেখা করেছেন। উনি আমাদের পরিবারের প্রিয় মানুষ। আমি ওনার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।”

উল্লেখ্য, গত বছর অক্টোবরেও এক দুর্ঘটনায় আহত হয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন গোবিন্দ। তখন নিজের লাইসেন্সকৃত রিভলভার পরিষ্কার করার সময় ভুলবশত গুলি ছুটে গিয়ে তাঁর হাঁটুর নিচে লাগে। অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি বের করা হয়।

১৯৮৬ সালে ‘ইলজাম’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন গোবিন্দ। নব্বইয়ের দশকে তিনি ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক। ‘হিরো নম্বর ওয়ান’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘হাসিনা মান জায়েগি’, ‘ভাগম ভাগ’, ‘পার্টনার’সহ ১৪০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।

সূত্র: এনডিটিভি ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Share.