আন্তর্জাতিক ডেস্ক
উত্তর-পূর্ব বসনিয়ার তুজলা শহরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নার্সিং হোমের অন্তত ১০ জন বাসিন্দা নিহত এবং ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে শহরের একটি অবসরকালীন সুবিধা কেন্দ্রে এ আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটের কিছু পর সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে অগ্নিনির্বাপক, পুলিশ কর্মকর্তা, চিকিৎসাকর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। আহতদের মধ্যে প্রায় ২০ জনকে নিকটবর্তী একটি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে।
তুজলা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সেন্টারের এক মুখপাত্র জানান, বেশ কয়েকজন রোগী কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
বসনিয়ার প্রধানমন্ত্রী নেরমিন নিকিচ ঘটনাটিকে “একটি বিশাল বিপর্যয়” বলে অভিহিত করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে বসনিয়া-হার্জেগোভিনার ত্রিপক্ষীয় রাষ্ট্রপতির চেয়ারম্যান জেলজকো কোমিচও শোক ও সমবেদনা জানিয়েছেন।
পুলিশের মুখপাত্র বলেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী তুজলার নার্সিং হোমে ১০ জন বাসিন্দা আগুনে প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি নিরাপদ হলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে।”
নার্সিং হোমের এক বাসিন্দা রুজা কাজিক জানান, তিনি তৃতীয় তলায় ঘুমাচ্ছিলেন। শব্দ শুনে জেগে উঠে জানালা দিয়ে তাকিয়ে দেখেন, ওপর তলা থেকে জ্বলন্ত বস্তু নিচে পড়ছে। “আমি দৌড়ে করিডোরে চলে যাই, তখন ওপর তলার মানুষগুলো ঘুমিয়ে ছিল,” বলেন তিনি।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, নার্সিং হোমের উপরের তলার জানালা দিয়ে আগুনের শিখা বের হচ্ছে।
তথ্যসূত্র: বিবিসি
