রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, বিষয়টি তার কাছে “ঠিক মনে হয়নি”, তাই বৈঠকটি বাতিল করেছেন। তবে ভবিষ্যতে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বুধবার হোয়াইট হাউসে সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন,

“আমরা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করেছি। আমার কাছে ঠিক মনে হয়নি। মনে হয়নি আমরা যে জায়গায় পৌঁছাতে চাই, সেখানে যেতে পারব। তাই আমি তা বাতিল করেছি। তবে ভবিষ্যতে অবশ্যই তা করব।”

আলোচনায় অগ্রগতি না হওয়ায় হতাশাও প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন,

“সত্যি বলতে কী, আমি যতবার ভ্লাদিমিরের সঙ্গে কথা বলি, ভালো আলোচনা হয়, কিন্তু কোনো ফল আসে না। আসলে ওই আলোচনা দিয়ে কোথাও পৌঁছানো যায় না।”

এর আগে, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার “সদিচ্ছার অভাবে” দেশটির সবচেয়ে বড় দুই তেল কোম্পানি রসনেফটলুকয়েল-এর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কারণ জানতে চাইলে ট্রাম্প বলেন,

“আমার মনে হলো সময় হয়েছে। আমরা অনেক দিন অপেক্ষা করেছি। এগুলো বিশাল নিষেধাজ্ঞা। আমরা আশা করছি, এগুলো দীর্ঘস্থায়ী হবে না। আমরা চাই যুদ্ধটা দ্রুত বন্ধ হোক।”

Share.