কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ ক্রমেই জমে উঠছে। পুরনো চরিত্র কাবিলা, হাবু ও পাশাদের সঙ্গে এবার সিরিয়ালে যোগ হয়েছেন জাকির। নতুন একটি চরিত্রের যোগদানের খবর সম্প্রতি প্রকাশ করেছেন নির্মাতা অমি—অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া এবার দর্শকদের জন্য বড় সারপ্রাইজ নিয়ে আসছেন।
স্পর্শিয়া বলেন, “গত কয়েক বছর ধরে সিরিয়াস জনরায় কাজ বেশি করছিলাম। এবার ফান-কমেডি বা কালারফুল কিছু করতে চেয়েছি, যাতে আরও বেশি দর্শকের সঙ্গে যুক্ত হতে পারি। যখন ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম থেকে কল এলো, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেছি। এটি তো একটি জনপ্রিয় ব্র্যান্ড। আশা করছি আমাদের কোলাবোরেশন দর্শকদের জন্য শক্তিশালী ও আনন্দদায়ক হবে।”
নির্মাতা অমি জানান, “পুরুষ চরিত্রগুলো সিরিয়ালে বেশি দেখা যায়, ফিমেল চরিত্র তুলনামূলক কম। সিজন ফাইভে নতুন চরিত্র দরকার ছিল। স্পর্শিয়ার চরিত্র দর্শকদের জন্য সারপ্রাইজ হবে এবং বিশ্বাসযোগ্য লাগবে। তিনি কারও সঙ্গে জোড়া হয় কিনা বা কতটা আনন্দদায়ক হবে, তা দর্শক নেক্সট এপিসোডগুলো দেখে বুঝতে পারবেন।”
সিরিয়ালে আরও অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষি আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, ইরফান মৃধা, শিবলু পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ। সিরিয়ালটি প্রথমে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে, পরবর্তী সময়ে চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।
