বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ২৭১ কিলোমিটারজুড়ে অন্তত সাতটি পথ দিয়ে অবৈধ অস্ত্র পাচার হচ্ছে বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব পথের মধ্যে রয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি, ঘুমধুম পয়েন্টের বালুখালী কাস্টমস ঘাট, উখিয়ার পালংখালী এবং হোয়াইক্যং ইউনিয়নের নলবনিয়া।

প্রতিবেদন অনুযায়ী, এ অস্ত্র ব্যবসায় জড়িত রয়েছে কমপক্ষে পাঁচটি সংঘবদ্ধ চক্র। এর মধ্যে চারটি চক্র রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক সশস্ত্র দল এবং আরেকটি হলো খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের অরণ্যে সক্রিয় সন্ত্রাসী সংগঠন।

এসব অস্ত্রের প্রধান গন্তব্য কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ও তিন পার্বত্য জেলার সন্ত্রাসীদের আস্তানা। ফলে সীমান্তবর্তী এলাকায় অস্থিরতা বাড়ছে।

একই দৈনিকের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সীমান্তের অন্তত ১৭টি পথ দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রবেশ করছে। গত ৯ মাসে এসব অস্ত্রের কারণে বিভিন্ন ঘটনায় ১৭০ জন গুলিবিদ্ধ হয়েছেন।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে অবৈধ অস্ত্র ঢুকতে থাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

Share.