চাঁদপুরের কচুয়া উপজেলার বাইছারা নোয়াপাড়া এলাকায় পারিবারিক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ছেলের দায়ের কোপে প্রাণ হারিয়েছেন ৭০ বছর বয়সী আব্দুল খালেক। শনিবার (২২ নভেম্বর) বিকেলে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
ঘটনার পর স্থানীয়রা ঘাতক ছেলে মো. হোসাইন (৩৫) পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পারিবারিক সূত্র জানায়, কথাকাটাকাটির এক পর্যায়ে হোসাইন হঠাৎ ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে বাবার মাথা ও শরীরে একাধিক কোপ দেন। ভয়াবহ আঘাতে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবার দাবি করছে, হোসাইন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।
নিহতের বড় ছেলে নোমান সরকার বলেন, “আমার ভাই মানসিকভাবে অসুস্থ ছিল ঠিকই, কিন্তু এমন নৃশংস ঘটনা ঘটাবে কখনো ভাবিনি। আমরা সবাই ভেঙে পড়েছি।”
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, “ঘটনাস্থলে গিয়ে দেখি লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমাদের এলাকায় এমন ঘটনা আগে কখনো ঘটেনি। হত্যাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হওয়া উচিত।”
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, “জনতা হোসাইনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”
