সাভারের বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় পার্কিং করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। দ্রুত স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাস মালিক আমজাদ হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে তিনি বাসটি মীর আক্তার কন্সট্রাকশনের গেটের কাছে পার্কিং করে বাসায় খাবার খেতে যান। পরে রাত পৌনে ১১টার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আশপাশের মানুষ দ্রুত আগুন নেভাতে সহায়তা করেন।

বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব জানান, বাসটি মালিক আমজাদ হোসেন নিজেই চালাতেন এবং ঋণ করে এটি কেনেন। তিনি খাবার খেতে গেলে অজ্ঞাত কেউ বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Share.