কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত অন্তত সাত জেলায় অনুষ্ঠিত হয়েছে ‘বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ’ কর্মসূচি। দলটির নেতাকর্মীরা সড়ক ও রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় তিনটি বাস, একটি পিকআপ ভ্যান ও একটি নৌকায় আগুন দেওয়া হয়। মানিকগঞ্জের শিবালয়ে একটি স্কুলবাসে আগুনে দগ্ধ হয়েছেন চালক তাবেজ খান। গত পাঁচ দিনে আগুনে পুড়ল মোট ৩১টি যানবাহন।

পটুয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষিদ্ধ আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্তত ৭০ জনকে গ্রেপ্তার করেছে। ঝালকাঠিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বসতঘরেও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।


তিন বাস ও এক পিকআপে আগুন

বরগুনা: আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে রুস্তম আলী গাজীর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা স্বর্ণা পরিবহনের একটি বাসে বৃহস্পতিবার রাতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। বাসের চালকের সহকারী মো. রাব্বি জীবনের ঝুঁকি নিয়ে কোনোরকমে বেরিয়ে আসতে পেরেছেন। বাসমালিক শহীদুল ইসলাম বলেন, “সব সম্বল দিয়ে বাসটি কিনেছিলাম—এখন আমি নিঃস্ব।”

পুলিশ যুবলীগ–ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে।

গাজীপুর: কালিয়াকৈরের বক্তারপুরে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। দুই মোটরসাইকেলে চার যুবক এসে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

মানিকগঞ্জ: শিবালয়ের ফলসাটিয়া এলাকায় পার্ক করা দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। চালক তাবেজ খান বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন এবং গুরুতর দগ্ধ হন। তাঁকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকা–সাভার: আশুলিয়ার নরসিংপুর মার্কেটে সড়কের পাশে দাঁড়ানো একটি পিকআপ ভ্যানে ভোরে দুই যুবক পেট্রোল ঢেলে আগুন দেয়।


রেললাইনে আগুন ও সড়কে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার ভাতশালা রেলস্টেশন এলাকায় বৃহস্পতিবার রাতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। এতে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ১৫ মিনিট আটকা পড়ে। তার আগের রাতেও একই এলাকায় রেললাইনে আগুন দেওয়া হয়েছিল।

আখাউড়া–কসবা সড়কের মোগড়া সেতুর ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।


জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ বৃহস্পতিবার রাতে আগুন দেয় এক মুখোশধারী দুর্বৃত্ত। আগুনে স্মৃতিস্তম্ভের কাঠামোর ক্ষতি হয়নি। পুলিশ বলেছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে।


নৌকায় অগ্নিসংযোগ

কিশোরগঞ্জের নিকলীতে কামালপুর সেতুর নিচে বেঁধে রাখা ট্রলারে আগুন দেয় দুর্বৃত্তরা। একটি নৌকা সম্পূর্ণ পুড়ে যায়, আরেকটি আংশিক পুড়েছে।


জেনেভা ক্যাম্প থেকে ৩৫ ককটেল উদ্ধার

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৩৫টি তাজা ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। পরে বোম নিষ্ক্রিয়করণ ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করে।


ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন

ঝালকাঠির রাজাপুরে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির বাড়িতে ভোরে আগুন দেয় দুর্বৃত্তরা। তিনি ঢাকায় থাকার কারণে ঘরে কেউ ছিলেন না। নগদ টাকা, গহনা ও আসবাবপত্রসহ ব্যাপক ক্ষতি হয়েছে।


গ্রেপ্তার অভিযান

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

পটুয়াখালীতে ‘অপারেশন ডেভিল হান্টে’ চার দিনে ৬৪ জন গ্রেপ্তার হয়েছে। কিশোরগঞ্জের বাজিতপুরে বাসে আগুনের মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Share.