কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে দলটির নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ছয়টার দিকে নাওডোবা এলাকায় এ অবরোধ শুরু হয়।

পদ্মা সেতু দক্ষিণ থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাওডোবা ও তস্তারকান্দি এলাকায় অবস্থান নেন। এ সময় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং মিছিল করা হয়। সকাল সাতটার দিকে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অবরোধ চলাকালে আতঙ্ক সৃষ্টি করতে আন্দোলনকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে। এতে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধের কারণে জমাদ্দার মোড় এলাকায় অন্তত আধা কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পদ্মা সেতু দিয়ে সকাল ছয়টা থেকে যানবাহন চলাচল বন্ধ থাকলেও সাড়ে আটটার পর থেকে কিছু যানবাহন পারাপার শুরু হয়। তবে এক্সপ্রেসওয়েতে এখনো যান চলাচল বন্ধ রয়েছে।

শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, “গতকাল ঢাকার ধোলাইপাড়ে শরীয়তপুরের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। আজ আবার পদ্মা সেতু এলাকায় অবরোধ চলছে। এতে আতঙ্কে বাসমালিক ও শ্রমিকরা সড়কে বাস নামাননি। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল শুরু হবে।”

জাজিরা পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, সকাল থেকে পদ্মা সেতুর এক কিলোমিটার পশ্চিমে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেন। পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দেয়।

ওসি আরও বলেন, “পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আটকে থাকা যানবাহন পদ্মা সেতু পারাপারে সহায়তা করা হচ্ছে। তবে এক্সপ্রেসওয়ের অন্যান্য অংশে যান চলাচল এখনো বন্ধ রয়েছে।”

Share.