রাজধানীর ধোলাইপাড় এলাকায় বুধবার সন্ধ্যায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার সমকালকে জানান, ৬টা ৩৬ মিনিটে একজন ফোন করে ধোলাইপাড়ে বাসে আগুন লাগার খবর দেন। তখনই ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ছুটে যান। কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে রাজধানীর অন্তত তিনটি স্থানে যানবাহনে অগ্নিকাণ্ড ঘটে। রমনায় পুলিশের পিকআপ ভ্যান ও উত্তরায় মাইক্রোবাসে আগুন লাগার কারণ ‘যান্ত্রিক ত্রুটি’ বলে পুলিশ দাবি করেছে। মিরপুরের শাহ আলী এলাকায় বাসে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়া, মঙ্গলবার গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে ককটেল বিস্ফোরণে একজন আনসার সদস্য আহত হন। একই রাতে মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলে দুটি পেট্রোল বোমা ছোড়া হয়। বুধবার দুপুরে মিরপুরে সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
রাজধানীতে সাম্প্রতিক এই অগ্নিকাণ্ড ও হামলার ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।
