রাজধানীর বাড্ডার কমিশনার গলিতে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মামুন শিকদার (৩৯)। বুধবার (১২ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত মামুনের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, কে বা কারা মামুনকে গুলি করেছে, তা এখনো জানা যায়নি। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই আরও জানান, মামুন শ্রমজীবী ছিলেন। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। তিনি বলেন, “মামুন যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তিনি সে বাসার বাসিন্দা ছিলেন না।”
ঘটনাটি মধ্য বাড্ডার কমিশনার গলির একটি মেসের নিচতলায় ঘটে বলে জানান তিনি।
