রাজধানীর মিরপুর সনি সিনেমা হলের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে কয়েকজন এসে ‘শতাব্দী পরিবহন’ নামে একটি বাসে হঠাৎ আগুন ধরিয়ে দেয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা দিকবিদিক ছুটতে থাকে।
ডিএমপি শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই মো. রিপন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে টিম পাঠিয়েছি। বিস্তারিত তদন্ত চলছে।”
এর আগে সকালে রাজধানীর উত্তরার জসীম উদ্দীন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ইঞ্জিন ওভারহিটের কারণে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এছাড়া, গাজীপুরে মঙ্গলবার রাতে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ত্রুটিপূর্ণ ইঞ্জিন বা শর্টসার্কিট থেকেও এসব আগুনের উৎপত্তি হতে পারে। উত্তরার ঘটনায় মাইক্রোবাসের সামনের অংশ পুড়ে গেছে।
একদিনেই রাজধানী ও আশপাশে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক।
