রাজধানীর সূত্রাপুর ও মিরপুর বেড়িবাঁধ এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া গুলিস্তান, কারওয়ান বাজার ও হাতিরঝিলসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। লাগাতার সহিংসতা ও নাশকতার ঘটনায় রাতভর তল্লাশি চালিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে মিরপুর বেড়িবাঁধ এলাকায় আশুলিয়া পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে সূত্রাপুরের ফায়ার সার্ভিস গেটের সামনে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায় তারা। মুহূর্তেই বাসটি পুড়ে যায়, তবে সেটি ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এছাড়া রাত ৯টার দিকে গুলিস্তানের জিরো পয়েন্টে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রাত ১০টার পর ককটেল বিস্ফোরণ ঘটে কারওয়ান বাজারের মাছের আড়তের সামনে ও হাতিরঝিলের রেইনবো ক্রসিং এলাকায়।
ঘটনার পর গুলিস্তানের জিরো পয়েন্ট, কাকরাইল মোড়, কারওয়ান বাজারসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তা জোরদার করতে এসব এলাকায় চেকপোস্ট বসিয়ে রাতভর তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
