নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। বুধবার (৫ নভেম্বর) বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— জাগো নিউজের প্রতিনিধি মো. আকাশ, ক্যামেরাম্যান আবদুল্লাহ আল মামুন ও আয়াজ।
হামলাকারী হিসেবে অভিযুক্ত হয়েছেন কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেন (৬০), যিনি তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি আতা-ই-রাব্বির বাবা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিকদের ওপর হামলার সময় হামলাকারীরা তাদের ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে। একপর্যায়ে তিন সাংবাদিককে টেনে-হিঁচড়ে একটি রুমে আটকে লাঠিসোঁটা ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করে।
জাগো নিউজের সাংবাদিক মো. আকাশ জানান, “গিরিধারা বউবাজার এলাকার এক নারী অভিযোগ করেন, বিএনপির নামধারী নেতা শাহাদাত ও তার ছেলে রাব্বি তার জমি দখল করে রেখেছে। বিষয়টি জানতে বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে গেলে শাহাদাত ও তার লোকজন অতর্কিত হামলা চালায়।”
তিনি আরও বলেন, “আমাদের ক্যামেরা ও মোবাইল ভেঙে ফেলা হয়, পরে একটি রুমে আটকে বেধড়ক মারধর করা হয়।”
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, “অভিযুক্ত শাহাদাত হোসেনকে আটক করা হয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”
এ ঘটনায় সাংবাদিক সমাজে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
