বগুড়া প্রতিনিধি

প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাসভবনের গেটে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকার ‘শ্যামা পাখি’ নামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

বুধবার (৫ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসনের তৎপরতা বাড়ে। রাত ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান ও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হকের নেতৃত্বে পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ২টা ৬ মিনিটে দুই যুবক বাড়ির গেটের সামনে পলিথিন জাতীয় কিছু রেখে আগুন ধরিয়ে মোবাইলে ছবি তুলে দ্রুত সরে যায়। কিছুক্ষণ পর আগুন নিভে যায়।

জানা গেছে, বাড়িটির নিচতলায় ভাড়াটিয়া থাকেন এবং দোতলায় পিনাকী ভট্টাচার্যের মা, মামা ও মামি বসবাস করেন।

পিনাকীর মামা সুব্রত ভৌমিক বলেন, “ঘটনাটি নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই।”

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, “পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পলিথিন জাতীয় কিছুতে আগুন দেওয়া হয়েছিল। জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

Share.