রাজধানীর উত্তরায় ট্রাফিক পুলিশ সার্জেন্টকে হুমকি দেওয়ার অভিযোগে দুই যুবককে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টার এলাকার সামনে এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্তরা হলেন— রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকার মো. মফিজুল্লাহর ছেলে সাদিকুর রহমান ও মফিজুর রহমানের ছেলে আব্দুর রহিম।
ডিএমপির ট্রাফিক উত্তরা পূর্ব জোনের সহকারী কমিশনার (এসি) মো. মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, সকালবেলা সার্জেন্ট আলী ওই এলাকায় যানজট নিরসনের দায়িত্বে ছিলেন। এ সময় এক মোটরসাইকেলচালক হেলমেট না পরায় তিনি সিগন্যাল দিয়ে মামলা করেন।
তখন মোটরসাইকেলচালক সাদিকুর রহমান ও তার আরোহী আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে সার্জেন্ট আলীকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এবং হুমকি দিয়ে বলেন, ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি, এখন আবার আপনাদের মেরে ঝুলিয়ে রাখতে হবে।’
ঘটনার পর সার্জেন্ট আলী বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান। পরে উত্তরা পশ্চিম থানা-পুলিশের টহল টিম তাদের আটক করে।
এরপর দুইজনকে ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত চালক সাদিকুর রহমানকে এক মাসের জেল এবং আরোহী আব্দুর রহিমকে ৫০০ টাকা জরিমানা করেন।
