কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশনে এ কর্মসূচি চলে।
অবরোধ চলাকালে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে দুই ঘণ্টার বেশি সময় আটকা পড়ে। প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেনটি ছাড়তে চাইলে অবরোধকারীরা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ শুরু করেন, এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহম্মেদ জানান, অবরোধকারীরা প্রথমে ট্রেন থামিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। পরে কিছু অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।
এর আগে, রোববার সকাল সাড়ে ১০টায় ভৈরবের দুর্জয় মোড়ে আন্দোলনকারীরা ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এ সময় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শতাধিক যানবাহন আটকা পড়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) ভৈরবের মেঘনা নদীতে নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।
