রাজধানীর মহাখালী এলাকায় গুলশান-মহাখালী লিংক রোডে খাজা টাওয়ারের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। শনিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। তবে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় ইউনিটটি ফিরে আসে।
বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, বাসটি ২০–২২ জন যাত্রী নিয়ে গুলশান থেকে মহাখালীর দিকে যাচ্ছিল। খাজা টাওয়ারের সামনে হঠাৎ পেছনের অংশে আগুন লাগে। চালক সুমন বাস থামালে যাত্রীরা দ্রুত নেমে যায়।
এটি নাশকতা নাকি দুর্ঘটনা—তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে ১০ নভেম্বর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
