চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আজ সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। রায় ঘোষণার দিনকে কেন্দ্র করে ঢাকায় উত্তেজনা চরমে উঠেছে।
এদিন সকালে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে দুটি বুলডোজার নিয়ে মিছিল বের করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ‘সাধারণ ছাত্র-জনতা’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী ও তরুণ অংশ নেন।
সকাল থেকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ করেন। পরে বুলডোজারসহ বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২-এর দিকে রওনা দেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘দড়ি লাগলে দড়ি নে, হাসিনারে ফাঁসি দে’, ‘ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘ইন্টেরিম তুই কই যাবি, হাসিনারে ফাঁসি দিবি’—এমন স্লোগান দিতে থাকেন।
আয়োজকরা জানান, রায় ঘোষণার দিনে শেখ হাসিনার সব ‘স্মৃতিচিহ্ন’ মুছে ফেলার দাবি জানাতে তারা এই প্রতীকী বুলডোজার মিছিলের আয়োজন করেছেন। ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভেঙে সেখানে খেলার মাঠ তৈরির দাবিও জানান তারা।
ঢাকা কলেজের শিক্ষার্থী জাহিদ হোসেন বলেন,
“ফ্যাসিস্ট হাসিনা দেশের ওপর যে গণহত্যা চালিয়েছে, তার বিচার চেয়ে আজ আমরা রাস্তায় নেমেছি। বিচার বিভাগ যেন সর্বোচ্চ শাস্তি—ফাঁসি—নিশ্চিত করে। শেখ মুজিবের বাকশাল প্রতিষ্ঠার ধারাকে হাসিনা গত ১৭ বছর ধরে বহন করেছে। ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে বুলডোজার চালানো প্রতীকীভাবে সেই ফ্যাসিবাদকে নির্মূল করবে।”
এদিকে রায়কে কেন্দ্র করে ধানমন্ডি এবং আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
