ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর শেওরাপাড়া এলাকায় তার বাসা থেকে মিরপুর মডেল থানা পুলিশ তাকে আটক করে। বর্তমানে থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে গেছে। যেহেতু তিনি ক্যাম্পাসে অবস্থান করেন না, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক অনুমতির প্রয়োজন হয়নি। তবে কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত।

এর আগে রসায়ন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা জানান, ড. এরশাদ হালিম দীর্ঘদিন ধরে ছাত্রীদের প্রতি বিকৃত যৌনাচার ও যৌন হয়রানিমূলক আচরণ করে আসছেন। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পক্ষে তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share.