নিজস্ব প্রতিবেদক
ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে যাত্রা করা মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু করেন। এ সময় মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
মিছিলের নেতৃত্বে ছিলেন সংগঠনের আহ্বায়ক শামসুল আলম। আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এবং বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
