লোহিত সাগরের তীরবর্তী মিসরের শারম আল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলন-এ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঘোষণা দিয়েছেন, শিগগিরই ইতালি ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

সম্মেলনে দেওয়া ভাষণে মেলোনি বলেন, “ইতালি গাজায় যুদ্ধবিরতির অপেক্ষায় ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই এ ইস্যুতে সময়োপযোগী পরিকল্পনা প্রস্তাব করার জন্য। পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়িত হলে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আর কোনো বাধা থাকবে না।”

তিনি আরও জানান, ইতালির লক্ষ্য একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে অংশ নেওয়া। “ইতালি তার দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। আজ একটি ঐতিহাসিক দিন,” বলেন মেলোনি।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় সমর্থন জানিয়ে গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল ও হামাস। ইতোমধ্যে হামাস তাদের হেফাজতে থাকা ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দিয়েছে ইসরায়েল এবং গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে।

গাজায় যুদ্ধবিরতি সফলভাবে বাস্তবায়নে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে মেলোনি বলেন, “এটি প্রেসিডেন্ট ট্রাম্পের এক বিশাল সাফল্য। আমরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতায়ও তাকে সফল দেখতে চাই।”

সূত্র: আনাদোলু এজেন্সি

Share.