ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকরের দুই দিনের মাথায় ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে হামাসের নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রভাবশালী দুগমুশ গোত্রের সদস্যরা। এতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রোববার (১২ অক্টোবর) গাজা সিটির জর্ডান হাসপাতালের কাছে এ সংঘর্ষ শুরু হয়। হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনী নগরীতে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের ঘিরে ফেললে গ্রেফতারের সময় দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়। এতে হামাসের আট সদস্য নিহত হন।
হাসপাতাল সূত্র জানায়, শনিবার থেকে শুরু হওয়া এ সংঘাতে দুগমুশ গোত্রের ১৯ সদস্য ও হামাসের আট যোদ্ধা প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ গাজা সিটির তেল আল-হাওয়া এলাকায় দুগমুশ সদস্যদের অবস্থানের খবর পেয়ে হামাসের প্রায় ৩০০ যোদ্ধা সেখানে অভিযান চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। একজন বাসিন্দা বলেন, “এবার মানুষ ইসরাইলি আক্রমণ থেকে নয়, নিজেদের লোকদের কাছ থেকে পালিয়ে যাচ্ছিল।”
দুগমুশ গাজার অন্যতম প্রভাবশালী গোত্র। হামাসের সঙ্গে তাদের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে এবং এর আগেও একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে তারা।
হামাস-পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা শৃঙ্খলা ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে। সতর্ক করে বলা হয়েছে, প্রতিরোধ আন্দোলনের বাইরে যেকোনো ধরনের সশস্ত্র কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সংঘর্ষের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে।
