ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, শুক্রবার গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে।
ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, সেনারা গাজার ভেতরের নির্দিষ্ট এলাকা থেকে ধাপে ধাপে সরে গিয়ে সীমান্তের কাছাকাছি অবস্থান নেবে। পরিকল্পনা অনুযায়ী, দক্ষিণের রাফা ও খান ইউনিসসহ উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা থেকে সেনারা পিছু হটবে। এ পদক্ষেপ ট্রাম্পের উদ্যোগে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া সমঝোতার অংশ।
এর আগে বৃহস্পতিবার ভোরে ট্রাম্প ঘোষণা দেন, ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় সংক্রান্ত তার উদ্যোগের প্রথম ধাপে সমঝোতায় পৌঁছেছে। মিশরের শার্ম এল-শেইখে অনুষ্ঠিত চার দিনব্যাপী পরোক্ষ আলোচনায় যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে মিশর, তুরস্ক ও কাতারের প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৭ হাজার ২০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। টানা বোমা হামলায় গাজা উপত্যকার প্রায় পুরো অঞ্চল বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
