ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো এ বছরের শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে কমিটি তার নাম ঘোষণা করে।

গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়েছে তাকে। নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াতনে ফ্রিডনেস বলেন, “যখন স্বৈরাচারীরা ক্ষমতা দখল করে, তখন যারা ভয় না পেয়ে রুখে দাঁড়ান, তারাই প্রকৃত শান্তির দূত।”

পুরস্কার প্রাপ্তির পর মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে কৃতজ্ঞতা জানান। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মাচাদো তাকে বলেছেন, “আমি এই পুরস্কারটি আপনার সম্মানে গ্রহণ করছি, প্রকৃতপক্ষে এটা আপনারই প্রাপ্য।”

ট্রাম্প হাস্যরস করে যোগ করেন, “আমি বলিনি পুরস্কারটা আমাকে দিয়ে দিন। বললে হয়তো দিয়ে দিতেন।” তিনি দাবি করেন, ভেনেজুয়েলায় দুর্যোগের সময় যুক্তরাষ্ট্রের সহায়তা লাখো মানুষের প্রাণ রক্ষা করেছে।

তবে এ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চুং বলেন, “নোবেল কমিটি প্রমাণ করেছে, তারা শান্তির চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দেয়।” তার দাবি, শান্তিচুক্তি, যুদ্ধবিরতি ও মানবজীবন রক্ষায় ট্রাম্পের ভূমিকা অতুলনীয় হলেও পুরস্কার দেওয়া হলো ভিন্ন কারণে।

উল্লেখ্য, গেল কয়েক মাস ধরে গণমাধ্যমে শান্তিতে নোবেলের সম্ভাব্য প্রার্থী হিসেবে ট্রাম্পের নাম ব্যাপকভাবে আলোচিত হলেও চূড়ান্ত তালিকায় তার নাম ছিল না।

সূত্র: রয়টার্স

Share.