বিশ্ব সংগীতের ইতিহাসে মানবতার পক্ষে এক অনন্য মাইলফলক স্থাপনকারী দ্য বিটলস-এর কিংবদন্তি গিটারিস্ট ও “কনসার্ট ফর বাংলাদেশ”-এর প্রধান উদ্যোগতা জর্জ হ্যারিসনের মৃত্যুবার্ষিকী আজ। ২০০১ সালের ২৯ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণদিবসে সংগীতপ্রেমী, মানবতাবাদী ও বাংলাদেশের অনুরাগীরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবিক বিপর্যয়ের সময় বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে ও শরণার্থীদের সহায়তার জন্য জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্কর নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে আয়োজন করেন ঐতিহাসিক “কনসার্ট ফর বাংলাদেশ”। এটি ছিল বিশ্বের প্রথম বৃহৎ চ্যারিটি কনসার্ট, যা পরবর্তীতে মানবিক সংগীত উদ্যোগের পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হয়। কনসার্ট থেকে সংগৃহীত অর্থ সরাসরি বাংলাদেশি শরণার্থীদের সহায়তায় ব্যয় করা হয় এবং বাংলাদেশের দুর্দশা বিশ্বমঞ্চে তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখে।
মৃত্যুর দুই দশকের বেশি সময় পরও জর্জ হ্যারিসনের অবদান নতুন প্রজন্মের কাছে সমানভাবে প্রেরণাদায়ী। বাংলাদেশের প্রতি তাঁর আন্তরিকতা ‘বন্ধুর পাশে দাঁড়ানো মানবতার এক উজ্জ্বল উদাহরণ’ হিসেবে আজও স্মরণ করা হয়।
তার মৃত্যুবার্ষিকীতে বিশ্বজুড়ে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর স্মরণে শ্রদ্ধা জানাচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও অল্প পরিসরে স্মরণানুষ্ঠান আয়োজন করেছে।
জর্জ হ্যারিসনের সংগীত, মানবিকতা ও “কনসার্ট ফর বাংলাদেশ”-এর উত্তরাধিকার আজও বিশ্বব্যাপী শান্তি, সহযোগিতা ও মানবতার পক্ষে অনুপ্রেরণা হয়ে আছে।
